বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। সারা দেশের খাদ্য সমস্যা সমাধানে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এর শিক্ষক ও শিক্ষার্থীরা পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের সর্বোচ্চ স্থানে অবস্থান করা সত্ত্বেও এখানকার হলগুলোর খুব বাজে অবস্থা। নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নতা, অস্বাস্থ্যকর পানিসহ নানান সমস্যায় জর্জরিত। বিশেষ করে বর্ষাকালে ছাত্রীহলের অভ্যন্তরে জোঁক, কেঁচো, বিভিন্ন ধরনের কীটসহ সাপের উপস্থিতিও টের পাওয়া যায়। এতে ছাত্রীরা আতঙ্কের মধ্যে থাকে এবং তাদের চলাফেরায় অসুবিধা হয়। হলের নিম্নমানের ড্রেনেজব্যবস্থা ও ড্রেন পরিষ্কারে কর্তৃপক্ষের উদাসীনতাই এর মূল কারণ। তাই এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আতিকুর রহমান
কৃষিপ্রকৌশল ও কারিগরি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২
