জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ দূর করে শান্তি ও সহিষ্ণুতা অক্ষুণ্ন রাখতে হবে। এ অঞ্চলের মানুষের মাঝে যে সৌহার্দ্য ও সম্প্রীতি বিদ্যমান তা আমরা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করবো। যারা হিংসা-বিদ্বেষ-বিভেদ সৃষ্টি করতে চায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই সব অপশক্তির পরাজয় ঘটবে।
তিনি গতকাল শনিবার রাতে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমায় শ্রী শ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের ১২৭তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিন ব্যাপী উত্সবে সমবেত পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমরা একত্রে মিলে আগামী নির্বাচনে যাচ্ছি। এবার নৌকা ও সাইকেল প্রতীক নিয়ে ভোটে অবতীর্ণ হয়েছি। আমরা সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশের মানুষের জন্য অতীতের মতই কাজ করে যাবো। যে কোন ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোকাবিলা করা হবে। দীর্ঘ ৩৪ বছর ধরে কাউখালী-ভান্ডারিয়ায় মানুষের কল্যাণে আমরা ব্যাপৃত ছিলাম। আগামীতেও একই ভাবে আমাদের এই ঐক্য-সৌহার্দ্য অব্যাহত থাকবে। আমরা সবাই সৃষ্টিকর্তায় বিশ্বাস করি বলে যার যার ধর্মীয় মতে ইবাদত-বন্দেগী-উপাসনা করতে হবে। অতীতে এ এলাকায় সকলে মিলে যেমন কোন ষড়যন্ত্র সফল হতে দেইনি, ভবিষ্যতেও একই ভাবে মানুষের মধ্যকার সম্প্রীতি বজায় রাখা হবে।
এ সময় শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রম বাংলাদেশের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কোষাধ্যক্ষ শ্রী বিপুল কৃষ্ণ ঘোষ, প্রচার সম্পাদক শ্রী ভক্ত কর্মকার প্রমুখ সেবায়েতগণ উপস্থিত ছিলেন। মন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহআলম নসু, ভান্ডারিয়া উপজেলার জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, কাউখালী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুুর রশীদ মিল্টন, সয়না-রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, জেলা পরিষদের মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন প্রমুখ।
