ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দায় রক্ষণাবেক্ষণের অভাবে পানি উন্নয়ন বোর্ডের ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি বেহাত হতে চলেছে। উদ্ধারের কোনো উদ্যোগ নেই বললেই চলে। ফলে সরকারি উদ্যোগ ব্যাহত হবার পাশাপাশি কৃষকরা বঞ্চিত হচ্ছে স্লুইস গেইটের সুফল থেকে।
জানা গেছে, কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৬ সালে পানি উন্নয়ন বোর্ড মালিঝি নদীর ঘাগড়া নয়াপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে একটি স্লুইস গেইট নির্মাণ করেন। এ সময় স্লুইস গেইটের পাশে প্রায় ৫ একর জমি অধিগ্রহণ করা হয় বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। ওই স্লুইস গেইটটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ভবনও নির্মাণ করা হয়। এ ভবনে একজন কর্মচারীকেও নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু স্লুইস গেইটটি নির্মাণের এক বছর যেতে না যেতেই পাহাড়ি ঢলে তা বিধ্বস্ত হয়ে পড়ে। এরপর স্লুইস গেইটটি আর সংস্কার করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডে নিয়োগকৃত ওই কর্মচারী কিছুদিন এখানে অবস্থানের পর সেও চলে যান বলে জানা যায়।
এরপর থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত স্লুইস গেইট ভবনসহ অধিগ্রহণকৃত জমিগুলো বেদখল হতে শুরু করে। বর্তমানে তা অন্যের দখলে রয়েছে। বিধ্বস্ত স্লুইস গেইটটিও আর পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ নদীর উপর বিধ্বস্ত স্লুুইস গেইটটি সংস্কার অথবা এখানে একটি রাবার ড্যাম নির্মাণের দাবি এলাকাবাসীর।
স্লুইস গেইটটি সংস্কার বা এখানে একটি রাবার ড্যাম নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।
উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিধ্বস্ত স্লুইস গেইটটি সংস্কার অথবা উক্ত স্থানে রাবার ড্যাম নির্মাণের বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, আর্থিক সংকটের কারণে তা সংস্কার করা সম্ভব হয়নি। তবে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
