মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার ফিরতি লেগেও সেইর দলের কাছে পয়েন্ট হারাল তারা। দুইবার এগিয়ে গেলেও শনিবার রাতে অতিথিদের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। গত সেপ্টেম্বরে বার্নাব্যুতে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। এই ড্র’তে ২১ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। ৪৬ পয়েন্ট নিয়ে আটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় এবং ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে তৃতীয় স্থানে।
এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল হতাশ করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদানকে। যে কারণে এক পর্যায়ে দুজনকেই মাঠ থেকে তুলে নেন তিনি। বেলের পরিবর্তে নামা ইসকোর নৈপুণ্যে জয়ের আশা জাগলেও শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারায় রিয়াল।
মাত্র ১১ মিনিটে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে হেডে রিয়ালের হয়ে লিগে ৫০তম গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার। ৪২ মিনিটে এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেভান্তে। ডি-বক্সে ঢুকে স্প্যানিশ ফরোয়ার্ড মোরালেসের শট রিয়াল গোলরক্ষক কেইল নেভাস ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়াটেং।
৮১ মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। বাইলাইন থেকে বেনজেমার কাটব্যাক থেকে বল পেয়ে নিচু শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। এক মিনিট বাকি থাকতেই কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে রিয়ালকে স্তব্ধ করে দেন ইতালিয়ান ফরোয়ার্ড জামপাওলো পাজ্জিনি।
ইত্তেফাক/কেআই
