শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন তিনি। সেই সুবাদে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে।
তার সঙ্গে যোগ্য সঙ্গী হিসেবে আছেন লিটন দাস। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও কঠিন সময়ে হাফসেঞ্চুরি করে দলকে খাদের কিনার থেকে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। টি ব্রেক পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৩ উইকেটে ২৪৬ রান। এ দুজন চতুর্থ উইকেট জুটিতে দেড়শ রান পার করেছেন।
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তাই গতকাল শনিবার স্বস্তিতেই চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে পার করেছিল শ্রীলঙ্কা। তবে সেই স্বস্তিটা আজ সকালে আর তাদের থাকেনি। পঞ্চম দিনের প্রথম ও দ্বিতীয় সেশনটা এখনো পর্যন্ত সফলতার সঙ্গেই পার করেছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এ দুজনের দৃঢ়তায় আজ আর কোনো উইকেট না হারিয়ে লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ।
আজ ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে মুমিনুল হক ও লিটন দাস প্রথম সেশনে সেই অননিশ্চয়তা অনেকটাই দূর করেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই
