কিশোরগঞ্জ প্রতিনিধি
শনিবার কিশোরগঞ্জে চায়ের দোকানের কর্মচারী রাফিউল ইসলাম ইমনকে (১২) অপহরণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে বাচ্চু মিয়া।
মামলার বিবরণে প্রকাশ, ইমন জেলা জজ কোর্ট চত্বরে একটি চায়ের দোকানে কাজ করে। বাচ্চু মিয়াও কোর্ট চত্বরে একটি চায়ের দোকান চালায়। গত ১০ এপ্রিল ইমন বাড়ি থেকে রওয়ানা হয়ে কোর্ট চত্বরে আসলে বাচ্চু মিয়া তাকে ডেকে নিজের দোকানে বসায় এবং নাস্তা খেতে দেয়। এরপর থেকে ইমনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ইমনের মা বাদী হয়ে বাচ্চু মিয়া ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এসআই নূরুজ্জামান জানান, ইমনের সন্ধান জানার জন্য বাচ্চু মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
