উন্নয়নে বিস্মিত বিশ্ব শেখ হাসিনাকে আবার ক্ষমতায় চায় :নাসিম

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৪৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শুধু দেশের মানুষই নয় উন্নয়নে বিস্মিত সারা বিশ্বের নেতারা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় দেখতে চায়। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (রঃ) মাজার জিয়ারত শেষে দলীয় নেতাদের নিয়ে দরবারের গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশা বলেছেন, আপনারা ক্ষমতায় আবারো ফিরে আসেন এটা আমরা চাই। এর আগে স্বাস্থ্যমন্ত্রী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (রঃ) মাজার জিয়ারত করে বিশেষ  মেনাজাতে অংশ নেন। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গি মুক্ত হয়েছে। বিদ্যুত্সহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, প্রধানমন্ত্রী ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। ভোরে ফজর নামাজ শেষে কোরআন তেলাওয়াতের পর দিনের কাজ শুরু করেন। পীর মুর্শিদের মাজারেও দোয়া নিতে যান। খাঁটি মুসলমান হিসেবে তিনি জীবন-যাপন করেন। ইতোমধ্যে কওমী শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে তিনি আলেমদের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাই তার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে চাই।  

এ সময় খাজা কামাল উদ্দিন নুহু মিয়া এনায়েতপুর থানাকে উপজেলা করার দাবি তুললে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে আমার প্রধান কাজ হবে উপজেলা বাস্তবায়ন। এ সময় খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী সেখ,  উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাশেদ ইউসুফ জুয়েল, মাসুদ রানা তালুকদার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগার মাস্টার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।