সিলেট অফিস
নগরীর জিন্দাবাজারে শুক্রবার রাত ৯টায় একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নগরীর জেল রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আই রাসেল গ্রুপের নেতাকর্মী ও একই সংগঠনের কাশ্মির গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার রাত ৯টায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে প্রথমে জেল রোড এলাকায় হামলা চালায় কাশ্মির গ্রুপের কর্মীরা। এরপর ঐক্যবদ্ধ হয়ে জিন্দাবাজারের মেসার্স তারু মিয়া স্টোরে হামলা চালায় তারা। এ সময় ক্যাশ লুটপাট ছাড়া ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে হামলাকারীরা। দোকানটির স্বত্বাধিকারী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও তার পরিবার। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন কামরুল আই রাসেল গ্রুপের কর্মী আসগর ও লিটন। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল-এর পক্ষ থেকে দাবি করা হয়, জেল রোড এলাকায় তাদের উপর অতর্কিত হামলা হয়। এতে দুইজন কর্মী আহত হন।
কতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, পীযূষের অনুসারীরা স্বেচ্ছাসেবক লীগের আফতাবের অনুসারীদের উপর হামলা চালায় এবং তারা জিন্দাবাজারে একটি দোকান ও গাড়ি ভাঙচুর করে। গাড়ির মালিক কিংবা দোকান মালিক কেউই লিখিত অভিযোগ দিতে রাজি হয়নি। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, মামলা হলে ব্যবস্থা নেবেন।
