গোপালগঞ্জ প্রতিনিধি
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইমদাদুল হক ভূঁইয়া (২৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘোড়াদাইড় গ্রামের হাফিজুর রহমান সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের চাচাতো ভাই পাইককান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন ভূইয়া জানান, গত ৯ এপ্রিল রাতে মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় ইমদাদুল। এরপর আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ এপ্রিল গোপালগঞ্জ সদর থানায় ইমদাদুলের বাবা অলিয়ার রহমান জিডি করেন। পরদিন স্থানীয়রা পাইককান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তারের পরিত্যক্ত কোয়ার্টারের একটি কক্ষে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ওই যুবককে হত্যার পর হত্যাকারীরা আগুন দিয়ে লাশ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছে। মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
