আশুগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা দুস্থ, গরীব ও অসহায় মানুষের চিকিত্সা সেবায় আশুগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় শনিবার। উপজেলার চরচারতলা গ্রামের আলাল শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হানিফ মুন্সি প্রমুখ।
পানগুছি নদীতে ৬০ হাজার রেণু পোনা অবমুক্ত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে অবৈধভাবে বহন করা ৬০ হাজার রেণু পোনা পানগুছি নদীতে অবমুক্ত করা হয়েছে। বরগুনার ছয়জন রেণুপোনা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
মেহেরপুরে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রীদের মাঝে শনিবার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি।
সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবসে আলোচনা সভা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা স্থানীয় শহীদ দিবস উপলক্ষে সৈয়দপুরে শনিবার আলোচনা সভা, শোক পদযাত্রা ও পুরস্কার বিতরণী হয়। তিন দিনব্যাপী কর্মসূচির শেষদিনে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে এক আলোচনা সভা হয়। মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের চার হাজার ৭শ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও বিহারিরা। শহীদদের স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে প্রজন্ম ৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা।
সজীব ওয়াজেদ জয় পরিষদের সংবর্ধনা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দকে সংবর্ধনা দিয়েছে সজীব ওয়াজেদ জয় পরিষদ। শনিবার উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়।
কচুয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ায় আউশ প্রণোদনার আওতায় ১৬শ ৫০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
পাকুন্দিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শনিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণগুলো বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
মহম্মদপুর প্রেসক্লাবের কমিটি গঠন
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা মহম্মদপুরে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে আনোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন করা হয়। এতে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি জি এম শওকত বিপ্লব রেজা বিকোকে সভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মাহামুদুন নবীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পাঠাগারে আসবাবপত্র প্রদান
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শ্রীপুরের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পাঠাগার উন্নয়নের জন্য শনিবার লক্ষাধিক টাকা মূল্যের আসবাবপত্র অনুদান প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং নিজামউদ্দিন আহমেদ ও সাহাবুদ্দিন আহম্মেদ কল্যাণ ট্র্যাস্টের চেয়ারম্যান ও নবগ্রামের বাসিন্দা শিল্পপতি লুত্ফর রহমান এ আসবাবপত্র অনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
যুবলীগের বিশেষ বর্ধিত সভা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার পূর্বে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ের সভার উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, যুবনেতা কামরুল হাসান জুয়েল প্রমুখ।
০
