ক্রমেই বড় হচ্ছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের ইনজুরি তালিকা। এ বি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসের পর এবার ওই তালিকায় যুক্ত হলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইনটন ডি কক। বাঁ হাতের কব্জির ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ ও টি২০ সিরিজ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
সফরকারী ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরির কবলে পড়েছেন তিনি। তার সুস্থ হতে সেখান থেকে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তার বদলি হিসেবে কাউকে দলে না নেয়ায় কেপ টাউনে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক ঘটতে পারে উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেনের।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘গতকাল রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ হাতের কব্জিতে গুরুতর ব্যথা অনুভব করেন ডি কক। ব্যথা এতটাই তীব্র ছিল যে ঠিক মত ব্যাট চালাতে পারছিলেন না তিনি।
পরে তাকে ভালভাবে পরীক্ষা করা হয়। আকষ্মিকভাবে অনুভূত হওয়া ব্যথায় তাকে কাতরাতে হয়েছে। হাতের কব্জির চারপাশে ফুলে গেছে। এ ধরনের ইনজুরি থেকে পরিত্রান পেতে কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। এ কারণে আপাতত তাকে ওডিআই সিরিজের বাকী ম্যাচ এবং ভারতের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে। দক্ষিন আফ্রিকা ক্রিকেট মেডিকেল দলের এখন প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তাকে সুস্থ করে তোলা।’
ভারতের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে সিরিজ খেলবে প্রোটয়িারা। আগামী ১লা মার্চ ডারবানে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ভারতের বিপক্ষে প্রথম দুই ওডিআই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ডি কক। দুই ম্যাচে তার ব্যাটিং থেকে এসেছে যথাক্রমে ২০ ও ৩৪ রান। এর আগে টেস্ট সিরিজেও ব্যাট হাতে ধুঁকতে হয়েছে এই প্রোটিয়া ব্যাটসম্যানকে। তিন ম্যাচের গোটা সিরিজে তিনি ছয় ইনিংস থেকে সংগ্রহ করেছেন মাত্র ৭১ রান।
ভারতের সঙ্গে চলমান ছয় ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সফরকারী দল ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। গতকাল অনুষ্ঠিত ২য় ম্যাচে মাত্র ১১৮ রানে অল আউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত। বাসস।
ইত্তেফাক/ রেজা
