সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা কামনা মালদ্বীপের বিরোধীদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯
মালদ্বীপের বিরোধী নেতৃবৃন্দ দেশটির সংকট সমাধানে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ওপর চাপ প্রয়োগের জন্য সোমবার বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ আদালতের নির্দেশ মানতে ইয়ামিনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।
 
এদিকে ইয়ামিন সরকার কারান্তরীণ নয়জন বিরোধীর মুক্তি এবং বিরোধী আইন প্রণেতাদের পুনর্বহালে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে। মালদ্বীপের সুপ্রিম কোর্ট রবিবার ইয়ামিনকে নির্দেশ মানার আহ্বান জানিয়ে বলেছে, ‘বিরোধীদের অবশ্যই মুক্তি দিতে হবে। কারণ, তাদের বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ত্রুটিপূর্ণ।’ কিন্তু ইয়ামিন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যই করছেন না বরং তিনি পার্লামেন্ট অধিবেশন স্থগিত, বিরোধী দলের দু’জন আইন প্রণেতাকে গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি রাজধানী মালেতে রবিবার দিনের শেষে তার শত শত সমর্থকদের দিয়ে সমাবেশের আয়োজন করেছেন।
 
মালদ্বীপের বিরোধী আইন প্রণেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে লেখা চিঠিতে দেশটির সংকট সমাধানের বহির্শক্তির সহায়তার আবেদন জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, আমরা ভারত, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ’সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মালদ্বীপে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়তার অনুরোধ করছি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু