জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে মানব বন্ধন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন ঘোষণার দাবিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’র ব্যানারে মানব বন্ধন করেছে সিনেট সদস্যরা।
 
সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানব বন্ধন করে তারা। মানব বন্ধনে আওয়ামীপন্থী সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন,আমরা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দ্রুত উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি করছি। আশা করছি উপাচার্য  ১৯৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রাখার স্বার্থে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
 
মানব বন্ধনে সিনেটে আওয়ামীপন্থী প্যানেলের ২০ জন শিক্ষক প্রতিনিধি ও নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্যে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা, ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ, জাকসু পুন:প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি তুলে ধরেন। 
 
প্যানেল নির্বাচনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অনেক দ্রুতই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/ রেজা