সোমবার ৩৩ বছরে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার রাতে লা লিগায় লেভান্তের বিপক্ষে গোল করেই জন্মদিন স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন সি আর সেভেন। তার সেই স্বপ্ন শুধু অধরাই থাকেনি, নতুন বিতর্কেও জড়িয়ে পড়লেন রোনালদো। লেভান্তের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে রোনালদোকে রেখেছিলেন জিদান। গোল না পাওয়ায় ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে রোনালদোকে তুলে মার্কো অ্যাসেন্সিওকে নামান রিয়াল ম্যানেজার। জিদানের এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ পর্তুগিজ সুপারস্টার।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় রিয়াল তারকার দিকে ক্যামেরা তাক করেছিলেন ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা কর্মীরা। ক্ষুব্ধ রোনালদো তাদের বলেছেন, ‘আমার ছবি না তুলে খেলায় মনসংযোগ করুন।’ ম্যাচের পরে রিয়াল অধিনায়ক সার্জিও র্যামোস অবশ্য রোনালদোর পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘দলের পারফরম্যান্সে অন্যদের মতো রোনালদোও প্রচণ্ড হতাশ। এই পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি ওর পাশে থাকার।’ এদিকে সিআর সেভেনকে তুলে নেয়ার ব্যাখ্যায় জিদান বলেছেন, ‘মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্যই ক্রিশ্চিয়ানোকে তুলে নিয়েছিলাম। দলের প্রয়োজনেই এই পরিবর্তনটা করেছিলাম।’
এই মৌসুমে দ্বিতীয়বার রোনালদোকে ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নেন জিদান। এর আগে সেভিয়ার বিরুদ্ধে তাকে তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সি আর সেভেন। রবিবারও তার ব্যতিক্রম হল না। রোনালদো উঠে যাওয়ার তিন মিনিটের মধ্যেই লেভান্তের জিয়ামপাওলো পাজিনি গোল করে সমতা ফেরান।
ইত্তেফাক/কেআই
