ওয়াটফোর্ডে বিধ্বস্ত বর্তমান চ্যাম্পিয়ন চেলসি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে শিরোপার আশা তো বটেই সরাসরি চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। সোমবার ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া কিছুতেই মেনে নিতে পারছে না সমর্থকরা। যদিও ম্যানেজার অ্যান্তোনিও কোন্তে ইঙ্গিত দিয়েছেন তিনি তার পদ নিয়ে মোটেই শঙ্কিত নন। 
 
ঘরের মাঠ ভিক্যারেজ রোজ স্টেডিয়ামে শেষ ৬ মিনিটে ড্যারিল জানমাত, জেরার্ড ডেলুফে ও রবার্তো পেরেইরার গোলে ওয়াটফোর্ডের বড় জয় নিশ্চিত হয়। একইসাথে শেষ ছয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়ে হর্নেটসরা রেলিগেশন জোন থেকে ছয় পয়েন্ট উপরে উঠে গিয়েছে। 
 
আগের ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নেমাউথের কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হবার দুঃসহ স্মৃতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি কোন্তের শিষ্যরা। তার উপর আবারো এই পরাজয়ে দলের আত্মবিশ্বাস এখন নড়বড়ে। ৩০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ফ্রেঞ্চ মিডফিল্ডার টিয়েমো বাকাইয়োকো মাঠ ত্যাগ করলে চেলসি ১০জনের দলে পরিণত হয়। সেই সুযোগ ট্রয় ডিনে পেনাল্টি থেকে ৪২ মিনিটে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন। এডেন হ্যাজার্ড ম্যাচ শেষের আট মিনিট আগে দুর্দান্ত এক স্ট্রাইকে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি। 
 
এই পরাজয়ে এখনো চতুর্থ স্থানে থাকা চেলসি টটেনহ্যামের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে মৌসুমের বাকি সময়টা কন্টের পদে থাকা নিয়ে জোড় গুঞ্জন শুরু হয়ে গেছে। 
 
ইত্তেফাক/কেআই