নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন, প্রচার সম্পাদক শিপন ও যুবদল নেতা আকরাম হোসেনসহ বিএনপি-যুবদল ও জামায়াতের ২০ নেতাকর্মী। এ নিয়ে গত দুইদিনে লক্ষ্মীপুরে আটক করা হলো ৩১জনকে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন আটকের বিষয়টি নিশ্চিত করে এই আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসএস
