বেগমগঞ্জে বন্ধ হয়ে গেছে পাট চাষ!

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:১৯

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

এক সময় বেগমগঞ্জের চৌমুহনী শহরে বড় বড় পাটের ব্যবসা ছিল। বেগমগঞ্জে প্রচুর পরিমাণে পাট উত্পাদন হতো। দেশের অনেক পাটকলের ক্রয় কেন্দ্র ছিল। এখন সেসব নেই। নানা প্রতিকূলতায় কৃষকরা এখন পাট চাষ করে না।

বেগমগঞ্জের রছুলপুর, দুর্গাপুর, মিরওয়ারিশপুর, নরোত্তমপুর, ছয়ানিসহ বিভিন্ন এলাকা ঘুরে আলাপকালে কৃষক সিরাজ মিয়া, আবদুর রহীম, মমতাজ মিয়া জানান, আগে বেগমগঞ্জে প্রচুর পাট চাষ হতো। চৌমুহনীতে বড় বড় পাটের ব্যবসা ছিল। আদমজী, ভাওয়ানী, ডেমরা জুটমিলসহ বিভিন্ন জুটমিলের ক্রয় কেন্দ্র ছিল। বেগমগঞ্জে জলাবদ্ধতার কারণে আউশ ও আমন ফসল হয় না। পাটের বীজ জমিতে বপন করার সময় জমিতে পানি থাকে। পাট চাষের সুযোগ না থাকায় বোরো চাষ করতে হচ্ছে। স্থানীয়ভাবে সরকারি কোনো দপ্তরও নেই, যাদের সাথে পাট চাষ করার ব্যাপারে আলোচনা করা যায়।

এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভুঁইয়া জানান, বেগমগঞ্জে এক সময় প্রচুর পাট চাষ হতো। চাষিরাও তাদের উত্পাদিত পাট বিক্রির নিশ্চয়তা পেত। বর্তমানে কৃষকদের উত্পাদিত পাট বিক্রির কোনো নিশ্চয়তা না পাওয়ায় তারা পাট চাষ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কিছু পরিমাণ পাট চাষ হয়, পাটের জন্য নয়, শাক হিসেবে বিক্রি করার জন্য। কালক্রমে বিভিন্ন প্রতিকূলতায় বেগমগঞ্জে পাট চাষ বন্ধ হয়ে গেছে। বর্তমানেও যদি কৃষকদের উত্পাদিত পাট বিক্রির নিশ্চয়তা পাওয়া যায় এবং ভালো জাতের বীজ সংগ্রহ করা যায় তাহলে বেগমগঞ্জে আবার কৃষকদের মধ্যে পাট চাষের প্রবণতা ফিরে আসবে।