ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষক বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে অধিকাংশ শিক্ষকের এবারের বৈশাখী উত্সব ঘরেই সীমাবদ্ধ রয়েছে। ভাতা না পেয়ে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভাতা বঞ্চিত শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ অফিসকেই পরস্পর দায়ী করেছেন।
জানা গেছে, গত দুই তিন আগে উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলার সাত শতাধিক শিক্ষকের বৈশাখী ভাতা প্রদানের জন্য ফাইলপত্র রেডি করে উপজেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়। কিন্তু উপজেলা হিসাবরক্ষণ অফিস ফাইলটি সঠিক সময়ে রেডি না করায় শিক্ষকরা বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হন।
অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর রহিছুল আলম বলেন, সঠিক সময়ে উপজেলা শিক্ষা অফিস বিল না পাঠানোর কারণে শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান করা সম্ভব হয় নাই।
উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, যথাসময়ে ফাইলটি হিসাবরক্ষণ অফিসে পাঠিয়েছি। ভাতা না পাওয়ার কারণটা হিসাবরক্ষণ অফিসই জানে।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসের গাফিলতির কারণে আমরা বৈশাখী ভাতা পাইনি। তাদের কারণে এবারের বৈশাখী উত্সবটা মাটি হয়ে গেল।
