জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রত্যাশিত সংস্কারের জন্য পরিষদের কর্মকাণ্ডে অধিকতর মানবিক সম্পৃক্ততা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির উপর এক উন্মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা ও তাদের বক্তব্য তুলে ধরার জন্য নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর তাগিদ দিয়েছেন মোমেন।
পরিষদের সভাপতি হিসেবে কুয়েত আজকের এ উন্মুক্ত আলোচনার আয়োজন করে। স্থায়ী প্রতিনিধি তার বক্তব্যে জাতিসংঘ সনদের ৯৯ ধারা অনুযায়ী গত সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের উপর জাতিসংঘ মহাসচিবের প্রেরিত চিঠির কথা উল্লেখ করে মহাসচিবকে যে কোন জরুরি মানবিক প্রয়োজনে এ ধরণের আরো উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি নিরাপত্তা পরিষদকে বেসামরিক মানুষের উপর নিপীড়ন ও নৃশংসতা বন্ধে ও হত্যাযজ্ঞের ক্ষেত্রে 'ভেটো' ক্ষমতা ব্যবহার না করারও অনুরোধ জানান। রোহিঙ্গাদের উপর গত ২৫ আগস্টের পর সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়ে স্থায়ী প্রতিনিধি মাসুদ বলেন, 'এটা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবসনের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।'
রাষ্ট্রদূত মাসুদ রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গত বছর গৃহীত নিরাপত্তা পরিষদের সভাপতির বক্তব্যকে ভিত্তি ধরে একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে শীঘ্রই বাংলাদেশ ও মিয়ানমারে সফর করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করা এবং তাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির উপর আজকের আলোচনায় ৬০টিরও বেশি দেশ অংশ নিয়ে বিভিন্ন ধরণের প্রস্তাবনা পেশ করে। এর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী অধিকাংশ দেশই নিরাপত্তা পরিষদ ও তাদের মধ্যে শান্তিরক্ষা বিষয়ে আরো গভীর মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
ইত্তেফাক/এসএস
