‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক রক্ত দিয়ে লেখা’। একাত্তরে ভারতের ১২ হাজার সৈনিক আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। এক কোটির বেশি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছে ভারত। এই ৪৮ বছরে দুই দেশের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে।
ভারতের বিখ্যাত গণমাধ্যম প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন’ (আইআইএমসি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বত্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দুই দেশের সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিসেবী, খেলোয়াড়সহ সব খাতের মানুষের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। সরকারি পর্যায়ের যোগাযোগের বাইরে দুই দেশের মানুষের মধ্যে সংযোগ দিনে দিনে বাড়ছে। মেধাবীদের মধ্যে যোগাযোগ আরো বাড়ালে অভিন্ন লক্ষ্য পূরণ সহজ হবে।
সজাগ ও প্রাণবন্ত গণমাধ্যম, দক্ষ ও মেধাবী সংবাদকর্মীদের দুই দেশের সেতুবন্ধনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আইআইএমসি অ্যালামনাই বাংলাদেশের সভাপতি ইহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান, আইআইএমসির কেন্দ্রীয় সভাপতি প্রসাদ স্যানাল প্রমুখ। আইআইএমসি অ্যালামনাই-এর সদস্য আঙ্গুর নাহার মন্টি অনুষ্ঠানটি পরিচালনা করেন।
