বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন,বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল শনিবার রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঢাকাসহ সারাদেশে পহেলা বৈশাখের উত্সব এখন জাতীয় উত্সবে পরিণত হয়েছে। কেউ নাশকতা বা উসকানি দিয়ে অনুষ্ঠানে বাধার সৃষ্টি করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ উসকানিমূলক প্রচারণা চালাতে পারে সেজন্য সাইবার সিকিউরিটি বিভাগের সদস্যরা নিবিড় মনিটরিং করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর প্রতিটি বড় উত্সবস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরো কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তত্পরতায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই।
এসময় পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
