ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী নুসরাত জাহান রাফির একক প্রতিবাদকে সামাজিক প্রতিবাদ-প্রতিরোধে রূপ দিতে সকল সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল তোপখানা রোডের পার্টি কার্যালয়ে বিভিন্ন গণসংগঠনের এক যৌথ সভায় তিনি এই আহ্বান জানান।
সভার শুরুতে নুসরাত জাহানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নুসরাতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পার্টির মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে গণসংগঠনসমূহের যৌথ সভায় নুসরাতকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার বিরুদ্ধে আগামী ১৬ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
