ধর্ষক ও খুনিদের উপযুক্ত শাস্তি না হওয়ায় জীবন গেল নুসরাতের —ফিরোজ রশীদ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, অতীতে নারীদের ধর্ষক, যৌন নিপীড়ক ও খুনিদের উপযুক্ত শাস্তি হয়নি বলেই মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকেও জীবন দিতে হয়েছে। আইনের ভয় দেখিয়ে এই নরপিশাচদের নিভৃত করা যাবে না। এদের একমাত্র উপযুক্ত শাস্তি হচ্ছে ক্রসফায়ার। গতকাল শনিবার রাজধানীর করাতিটোলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফিরোজ রশীদ বলেন, যারা শিশু হত্যাকারী, নারী ধর্ষক ও চলন্ত বাসে গণধর্ষণ করছে- বুলেটের মাধ্যমেই তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। এখানে মানবাধিকারের প্রশ্ন তোলা অবান্তর। কারণ এরা মানবতাবিরোধী অপরাধ করছে। অমানুষদের ক্ষেত্রে মানবাধিকারের প্রশ্ন তোলা বরং মানবাধিকারবিরোধী। তিনি বলেন, যেসব মানবাধিকার কর্মী ক্রসফায়ারের বিরোধিতা করেন তাদেরকে প্রশ্ন করতে চাই- আপনি নিজে ধর্ষিত হলে কি বিচার চাইতেন? আইনের শাসনের ভয় দেখিয়ে নরপশুদের কখনও শায়েস্তা করা যাবে না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, পুলিশের ওয়ারী জোনের ডিসি ফরিদ উদ্দিন, গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।