দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৩০৩ রানের ১৬০’ই কোহলির

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩২
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও দুরন্ত শতরান করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১৬০ রানে অপরাজিত থাকেন। এটি তার ৩৪-তম ওয়ানডে শতরান। কোহলি এই দুর্দান্ত ইনিংসের সুবাদে ৬ উইকেটে ৩০৩ রান করেছে ভারত। 
 
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ভারতীয় দল শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে উইকেটকিপার হেইনরিখ ক্লাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা (০)। এরপর অপর ওপেনার শেখর ধাওয়ানের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। এই জুটিতে ১৪০ রান যোগ হয়। এরপর ধাওয়ান ৭৬ রান করে জিঁ পল ডুমিনির বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। অজিঙ্ক রাহানেও (১১) ডুমিনির শিকার হন। হার্দিক পান্ডে (১৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনিও (১০) দ্রুত ফিরে যান। তবে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার (১৬)।
 
ভারতীয় দল এই ম্যাচ জিততে পারলে ৬ ম্যাচের সিরিজ জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবে। অন্তত সিরিজে না হারা নিশ্চিত করে ফেলবে বিরাটের দল।
 
ইত্তেফাক/ইউবি