ইত্তেফাক রিপোর্ট
রামপুরা থানাধীন বনশ্রী এলাকার একটি বাসা থেকে এক ব্যাংকারের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম সূচি। তার পরিবারের অভিযোগ, পরকীয়ার জেরে স্বামী তাকে হত্যা করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী রায়হানকে আটক করেছে। স্বামীর দাবি সূচি আত্মহত্যা করেছে। এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে, রায়হান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তারা বনশ্রী আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ২০ নম্বর বাসায় ভাড়া থাকতেন। গতকাল বিকালে রায়হান সূচির পরিবারকে জানায়, সূচি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে সূচিকে উদ্ধার করে। তবে সে সময়ের মধ্যে সূচি মারা যান। রামপুরা থানার ওসি এনামুল হক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা।
