বিরাটের ব্যাটে ভারতের বড় জয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫০
 
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়ে ৩-০ তে এগিয়ে গেল ভারত।  বিরাট কোহলির অপরাজিত ১৬০ দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে ৩০৩ রান করে সফরকারীরা। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭৯ রানে।
 
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় শূন্য রানেই রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং শেখর ধাওয়ানের ১৪০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। ব্যক্তিগত ৭৬ রানে ধাওয়ান ফিরে গেলেও উইকেটে থেকে দলকে নেতৃত্ব দেন কোহলি। তিনি ১৫৯ বলে ১৬০ রান করে অপরাজিত থাকার পথে ১২টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মারেন।
 
৩০৪ রানের বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ রানেই হাশিম আমলা আউট হন। এরপর ৮৮ রানে চার উইকেট হারালে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। জেপি ডুমিনি (৫১) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে চাওহাল এবং কুলদিপ যাদব ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বিরাট কোহলি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ