নোবিপ্রবি'র শিক্ষক বহনকারী মাইক্রোবাসে হামলা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের বহনকারী ৩টি মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
 
জানা যায়, জেলা শহর মাইজদি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসমুখী শিক্ষকদের বহনকারী ওই মাইক্রোবাসগুলোতে নোয়াখালী পৌরসভার  সোনাপুরে দুর্বৃত্তরা অতর্কিত হামলায় চালায়। এতে মাইক্রোবাসগুলোর পাঁচটি কাঁচ ভেঙে যায়। তবে এঘটনায় কোনো শিক্ষক আহত হননি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে এ ঘটনার পরও মাইক্রোবাসগুলো যথারীতি শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে আসে এবং জেলা শহরে অপেক্ষমান শিক্ষকদের আনতে যায়। শহর থেকে বিশ্ববিদ্যালয়মুখী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের যানচলাচল স্বাভাবিক রয়েছে।
 
এ ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
 
অন্য দিকে এ ঘটনা  ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, প্রকাশ্য দিবালোকে যারা মাইক্রোবাসগুলোতে হামলা করেছে তাদের নাম নিশ্চিত হয়েছেন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন বিষয়ে এ ঘটনা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে।
 
ইত্তেফাক/এসএস