গান্ধী পরিবারের অন্যতম জনপ্রিয় মুখ হলেন প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এবার জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উত্তর প্রদেশের বারানসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মতি দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাই কমান্ডই।
সাত ধাপের লোকসভা ভোটের শেষ ধাপে আগামী ১৯ মে বারানসীতে ভোট হবে। ইতোমধ্যে উত্তর প্রদেশে কংগ্রেসের নেতা-কর্মীরা প্রিয়াঙ্কা নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, নির্বাচনে প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা তার নিজের সিদ্ধান্ত। সে রাজি হলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, একেবারে শেষদিনে প্রিয়াঙ্কার মনোনয়ন জমা দিয়ে চমক দিতে পারে কংগ্রেস।
গত মাসে বারানসীতে এক শোভাযাত্রায় বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তিনি মোদিকে আক্রমণ করে বক্তব্য রাখেন। সম্প্রতি তার মা সোনিয়া গান্ধীর আসনে প্রচারণার সময় দলের কর্মীরা প্রিয়াঙ্কাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানান। এ সময় প্রিয়াঙ্কা বলেন, তার কি বারানসীতে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হবে?
এদিকে বরাবরের মতো মুসলিম অনুপ্রবেশ ও অভিবাসীকে বড় নির্বাচনী ইস্যু করছে বিজেপি। ভারতের মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উঁইপোকার মতো। বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, অমিত শাহ তার বক্তব্যে অবৈধ মুসলিম অভিবাসী বলতে বাংলাদেশি অভিবাসীদের ইঙ্গিত করেছেন। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও মুসলমান অভিবাসীদের উঁইপোকা হিসেবে আখ্যয়িত করেছিলেন তিনি। সে সময় মানবাধিকার সংগঠনগুলো তার ওই বক্তব্যের সমালোচনা করে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ঘোষণারও পুনরাবৃত্তি করেন অমিত শাহ। তার এই বক্তব্যের সমালোচনা করে কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা বলেন, এটা ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার প্রয়াস।
অন্যদিকে বিহারের হাজিপুরে রামমন্দির নিয়ে মতভেদে শরিক জনতা দলের (ইউনাইটেড) সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিজেপি সমর্থকরা। নির্বাচনের কৌশল ঠিক করতে শুক্রবার রাতে বিহারের হাজিপুরে জড়ো হয়েছিলেন বিজেপি, জেডিইউ এবং এলজেপি দলের কর্মী এবং সমর্থকেরা। সেখানেই রামমন্দির তৈরির প্রশ্নে বিজেপি এবং জেডিইউ সমর্থকদের মধ্যে মতভেদ থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। এক পর্যায়ে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে ১৭টি করে আসনে লড়ছে এই দুই দল। বাকি ৬টি আসন ছাড়া হয়েছে আরেক শরিক রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে।?
এদিকে রাজনৈতিক নেতাদের বাগযুদ্ধ চলছেই। কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দীর্ঘদিন ধরে কংগ্রেস গরিবদের ওপর অন্যায় করেছে। ৬০ বছর পর তারা একথা স্বীকার করলো। গতকাল শনিবার তামিলনাডুর থানিতে এক জনসভায় জাতীয় কংগ্রেসের ’?ন্যায়’? কর্মসূচিকে কটাক্ষ করে মোদি আরো বলেন, কংগ্রেসের আমলে ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি হয়েছিল। মোদির বিরুদ্ধে দুর্নীতির পাল্টা অভিযোগ তুলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চৌকিদার (মোদি) শতভাগ চোর। মোদি হলো চোরদের নাম। নীরব মোদি, ললিত মোদি এবং নরেন্দ্র মোদি। তাদের কোনো পার্থক্য নেই।
অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের শহর শিলিগুড়িতে এক জনসভায় বিজেপিকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতের প্রথম দফার ভোটে ৯১টি আসনের মধ্যে ১০টিও পাবে না বিজেপি। সারা দেশে ৫৪৩ আসনে ১০০ এর মধ্যে থেমে যাবে। কারণ বিজেপি ফ্যাসিবাদী শক্তি। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গে সশস্ত্র মিছিলের ডাক দিয়েছে বিজেপি। এ বিষয়ে মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি হিংসা ও সন্ত্রাস ছড়ানোর রাজনীতি করছে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।
