ঢাবি শিক্ষার্থীকে মারধর : তদন্ত কমিটি, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৩
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম) ছাত্রলীগ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এহসান রফিক নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। 
 
হলের তিনজন আবাসিক শিক্ষকের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যতম সদস্য ড. সাব্বীর আহমেদ ইত্তেফাককে জানান, তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
 
প্রসঙ্গত, ক্যালকুলেটর ফেরত চাওয়ায় ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে সিট বরাদ্দ পাওয়া ছাত্র এহসান রফিককে হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের নির্দেশে তার অনুসারীরা মারধর করে। পরে তাহসানের আবাসিক কক্ষ (১৬) দিনভর এহসানকে আটকে রাখা হয়। পরে সে পালিয়ে রক্ষা পায়।
 
ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার : ক্যালকুলেটর ফেরত চাওয়ায় ছাত্রকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কমিটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতা হলেন -এসএম হল শাখ ছাত্রলীগের সহ সম্পাদক রুহুল আমিন ও ওমর ফারুক এবং উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
 
ইত্তেফাক/ইউবি