কুতিনহোর অভিষেক গোল, ফাইনালে বার্সা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৫
লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহোর অভিষেক গোলে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। 
 
বৃহস্পতিবার রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-০) ফাইনাল নিশ্চিত করেছে ভালভার্দের শিষ্যরা।  অপর গোলটি করেছেন ইভান রাকেটিচ। 
 
ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কাতালানরা। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বার্সার শুরু একাদশে অবশ্য ছিলেন না কুতিনহো। বিরতির পর আন্দ্রে গোমেজের বদলি হিসেবে মাঠে নামেন ফিলিপে কুতিনহো। মাঠের নামার ৪ মিনিটের মাথায়ই বার্সেলোনার হয়ে তার প্রথম গোলটি করেন। এ সময় লুইস সুয়ারেজ বাম দিক দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন। ডি বক্সের বামপ্রান্ত থেকে বল বাড়িয়ে দেন পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়া ফিলিপে কুতিনহোকে। সুয়ারেজের উঁচু করে বাড়িয়ে দেয়া বলে ডান পায়ের শটে জালে পাঠান কুতিনহো (১-০)। ৮২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকেটিচ। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ২১ এপ্রিল ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা।
 
ইত্তেফাক/ইউবি