ডাকাতির ভয়ে উত্তরায় যেতে চায় না বিজিএমইএ!

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৪৪

বহুল আলোচিত রাজধানীর কাওরানবাজারের বিজিএমইএ ভবনটি গত ১২ এপ্রিল শুক্রবারের মধ্যে ছাড়তে আদালতের নির্দেশ ছিল। আলোচ্য সময়ের মধ্যে ভবনটি ছাড়বেন বলে বিজিএমইএ’র বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান আদালতে মুচলেকা দিয়েছিলেন। উত্তরার দিয়াবাড়ি এলাকায় বরাদ্দ হওয়া ১১০ কাঠা জমিতে নির্মাণাধীন নতুন ভবনও সম্প্রতি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। কিন্তু কাওরানবাজারের ভবনটি এখনই ছাড়তে চাইছে না রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএ’র নতুন নেতৃত্ব। উত্তরায় নির্মাণাধীন ভবন এলাকায় নিরাপত্তার শঙ্কা দেখিয়ে এক বছর সময় চেয়ে আপিল বিভাগে আবেদন জানিয়েছে সংগঠনটি। আবেদনে বলা হয়, ভবনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও প্রকৌশলীরা ইতোমধ্যে সেখানে ডাকাতির শিকার হয়েছেন।

এছাড়া নতুন ভবনে বিদ্যুত্, গ্যাস, পানির সুবিধা না থাকা, সড়ক যোগাযোগ ব্যবস্থার সমস্যাসহ আটটি সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১০ এপ্রিল বুধবার বিজিএমইএ’র পক্ষ থেকে এ আবেদন জানানো হয়। এতে বলা হয়, ভবনটির পুরো কাজ শেষ হতে ২০২০ সালের ডিসেম্বর নাগাদ সময় লাগবে।