প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার না করে সংসদে এসে কথা বলুন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৪৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার না করে শপথ নিয়ে সংসদে এসে জনগণের কথা বলতে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংসদে না এলে বিএনপি শেষ সুযোগটাও হারাবে। আগামী ২৪ এপ্রিল সংসদ অধিবেশন বসবে। আপনারা যে কয়েকজন নির্বাচিত হয়েছেন, সংসদে আসুন। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন।’ 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচার করার দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে বাংলার জনগণ আমাদের সাধুবাদ দিবে। সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ব্যাপারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। খুনীদের দ্রুত বিচার করুন। এতে জনগণ খুশি হবে। সরকারের প্রতি জনগণের আস্থা আরো বাড়বে।’ নুসরাতের খুনিকে আশ্রয়দাতা তথাকথিত আওয়ামী লীগ নেতার বিচারের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেখলাম আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের মূল খুনি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনো দিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সমস্ত লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এরা আওয়ামী লীগের দুর্নাম করে।’ তিনি আরো বলেন, ‘ধর্মান্ধ রাজনীতিবিদরা নুসরাত হত্যার প্রতিবাদ না করে অসাম্প্রদায়িক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এদেরকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, স্বাধীন বাংলার বেতার শিল্পী মনোরঞ্জন ঘোষাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।