রায়ের অনুলিপি পাওয়ার অপেক্ষায় খালেদা জিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩০
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়টি ৬৩২ পৃষ্ঠার। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন এই রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) পাওয়ার অপেক্ষায় রয়েছেন। রায়ের অনুলিপি পেলেই তা পর্যালোচনা করে হাইকোর্টে আপিল করবেন তিনি। ইতিমধ্যে সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ওকালতনামায় স্বাক্ষর করেছেন খালেদা জিয়া। কারা কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হয়ে তা হাতেও পেয়েছেন তার আইনজীবীরা। এখন রায়ের অনুলিপি পাওয়ার অপেক্ষায় তারা।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল শুক্রবার ইত্তেফাককে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার জন্য বিশেষ জজ আদালত-৫ এ আবেদন দিয়েছি। এখন বিচারক যদি দ্রুত রায়ের কপি সরবরাহ করেন তাহলে আপিল দায়ের করা সম্ভব হবে। আর যদি অনুলিপি পেতে বিলম্ব হয় তাহলে খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে।
 
রায়টি পেতে বিলম্ব হবে কিনা এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত জেলা জজ ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বলেন, আইনানুযায়ী সম্পূর্ণ রায় প্রস্তুত করেই বিচারককে প্রকাশ্য আদালতে ঘোষণা ও তাতে স্বাক্ষর করতে হয়। সেই হিসাবে দ্রুতই রায়ের অনুলিপি পাওয়ার কথা।
 
মামলার আসামি পক্ষের অন্যতম আইনজীবী এম আমিনুল ইসলাম বলেন, রায়ের কপি পেতে প্রয়োজনীয় দরখাস্ত দাখিল করেছি। আশা করছি রবিবার অনুলিপি পাব।
 
ইত্তেফাক/মোস্তাফিজ