ফেনী প্রতিনিধি ও দাগনভূঁইয়া (ফেনী) সংবাদদাতা
উপজেলার উত্তর আলীপুর গ্রামে শরীয়ত উল্যাহ মুন্সি বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে ৩ ডাকাত নিহত ও ২ ডাকাত আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে ওই বাড়িতে ওমান প্রবাসী আনোয়ারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ২০/২২ জনের ডাকাত দল। তারা আনোয়ারের পিতা হেদায়েত উল্যাহ, মা রোশনআরা, আনোয়ার হোসেন ও মোশারফ হোসেনকে পিটিয়ে জখম করে। এসময় ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। বাড়ির লোকজনের চিত্কারে এলাকাবাসী এসে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ৩ ডাকাত নিহত ও ২ ডাকাত আহত হয়।
পুলিশ নিহত ও আহত ডাকাতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত ডাকাতরা হচ্ছে সাইফুল ইসলাম সোহাগ, পিতা- আমিন উল্যাহ, এনায়েত ভূঁইয়া বাড়ি, মনির হোসেন, পিতা- আনোয়ার হোসেন রসূলপুর ভোলা, মাইনউদ্দিন সোহাগ, পিতা- জসিম উদ্দিন, চরকাকড়া, নোয়াখালী। আহত ডাকাত নূর আলম প্রকাশ নিজাম উদ্দিন পিতা- আবু আহম্মদ, চরলক্ষ্মীগঞ্জ ও সোহাগ, পিতা- সিরাজ, চরকাকড়া, নোয়াখালী।
দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ মো. ছালেহ আহম্মদ পাঠান গণপিটুনিতে ৩ ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে মোশারফ হোসেন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় মেম্বার এয়াসিন আরাফাত জানান, এরা আসলেই ডাকাত।
