মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা

পাঁচ বাংলাদেশির লাশ পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৫২

ইত্তেফাক রিপোর্ট

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার মধ্য রাতে মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইনসের এম এইচ ১৯৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মধ্য রাতে লাশ হস্তান্তরের সময় স্বজন হারানোর আহাজারিতে বিমানবন্দর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। ভোর ৪টার পর পরিবারের স্বজনরা লাশ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

নিহত বাংলাদেশিরা হলেন— চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মো. আনোয়ারের ছেলে সোহেল (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো. আমির হোসেনের ছেলে আলামিন (২৫), কুমিল্লা জেলার লাকসাম থানার দুরলবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিন (৩৭), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার হাসানপুর কলেজপাড়ার ঢাকাগাঁও গ্রামের মো. ইউনুস মুন্সির ছেলে মো. রাজিব মুন্সি (২৭) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা। 

গত রবিবার দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন শ্রমিক ছিল। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে। দুর্ঘটনায় বাসেরচালক নিহত হন। বাংলাদেশি ছাড়াও দুর্ঘটনায় তিনজন ইন্দোনেশীয় ও দুইজন নেপালি নাগরিক নিহত হন। তাদের মধ্যে তিনজন নারী। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। এ ঘটনায় আরো সাত বাংলাদেশি কর্মী আহত হন। এদিকে গতকাল শনিবার চাঁদপুরের নিহত আল-আমিন ও সোহেলের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।