দায়িত্বে অবহেলা: গৌরনদীতে ২ শিক্ষকসহ ৪জনকে বহিষ্কার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৭
 
গৌরনদীতে শনিবার ২ শিক্ষকসহ ৪জনকে বহিষ্কার করা হয়েছে। এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহার করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
 
জানাগেছে, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে গৌরনদী আলহেলাল দাখিল মাদ্রসা কেন্দ্রে নিয়োজিত সহকারী কেন্দ্র সচিব ও কুতুবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুধাংশ কুমার মাঝিকে দায়িত্বে অবহেলার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন বহিষ্কার করেন। একই সাথে গৌরনদী আলহেলাল দাখিল মাদ্রসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে স্মার্ট ফোন ব্যবহার করার অভিযোগে ওই মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মুকুল হোসেন ও হান্নান কাজীকে বহিষ্কার করা হয়।
 
অপরদিকে গৌরনদী পাইলট হাইস্কুল কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পিংগলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
ইত্তেফাক/আরকেজি