'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ী জরিপ স্বয়ংসম্পূর্ণ নয়': ছাত্রলীগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রীক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মাদক ব্যবসায়ীদের তালিকা স্বয়ংসম্পূর্ণ নয় বলে দাবি করেছেন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলন করেছেন মুজাহিদুল ইসলাম সোহাগ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ সম্পাদক। তিনি বলেন, মন্ত্রণালয়ের করা মাদক ব্যবসায়ীর তালিকায় তার নামসহ অনেক ছাত্রলীগ নেতার নাম এসেছে বলে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। কিন্তু তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তার নাম আসার কারণে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

সোহাগ বলেন, মন্ত্রণালয়ের এই জরিপ কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ নয়। এটি যদি সত্যিকারের ও সঠিক কোনো অনুসন্ধান হতো, তাহলে আমার নাম এ তালিকায় থাকতো না। বরং আরও অনেকের নাম থেকে থাকতো যারা প্রকৃতপক্ষে মাদক ব্যবসায় জড়িত। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।’

সোহাগ বলেন, আমার কয়েক হাজার বন্ধু, সহপাঠী, সহকর্মী রয়েছে। এদের মধ্যে একজনও যদি বলতে পারে আমি কখনও একটা সিগারেট খেয়েছি কিংবা মাদক সংক্রান্ত কোনো কাজে জড়িত ছিলাম বা আছি তাহলে আমি আজই ছাত্রলীগ থেকে পদত্যাগ করব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও রাজনীতির স্বার্থে সবার সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি। এর মানে এই নয় যে, তাদের কাজকর্মে আমারও সম্পৃক্ততা রয়েছে।

জড়িত না থাকা সত্ত্বেও তার নাম কেন এলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি শহীদ মিনার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। সেখানে মাদকের কারবার হয়। এজন্য তার নাম আসতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক মাদক ব্যবসায়ীদের একটি তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৩৮ জনের নাম রয়েছে।

ইত্তেফাক/নূহু