আল্পনায় রঙিন হলো মানিক মিয়া এভিনিউ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

রঙিন আলপনায় সেজে উঠেছে রাজধানীর প্রধানতম সড়ক মানিক মিয়া এভিনিউ। বাংলা সংস্কৃতির সঙ্গে  আলপনার সখ্য দীর্ঘকালের। উত্সব-পার্বণে আলপনা না হলে সেটা যেন ঠিক জমে ওঠে না। তবে বর্তমানে এ শিল্পটি কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছে। সেই ম্রিয়মাণ হতে যাওয়া লোকশিল্পকে আবারো সবার মাঝে তুলে ধরতে বার্জার পেইন্টস বিগত বছরগুলোতে আয়োজন করে আসছে আলপনা উত্সব। এবারো এর ব্যতিক্রম হয়নি। শনিবার চৈত্রসংক্রান্তির রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় ‘বার্জার আলপনায় বৈশাখ ১৪২৬’। সপ্তমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয় এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের (ইএক্সপি) সহায়তায়। এবার ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও খুলনাতেও এ উত্সব অনুষ্ঠিত হয়।

মানিক মিয়া এভিনিউতে মূল আয়োজনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অতিথি হয়ে এসেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

এদিকে, গতকাল রাজধানীতে নানা আয়োজনে পালিত হলো চৈত্রসংক্রান্তি। সম্ভাবনাময় আগামীর প্রত্যাশায় সময়ের স্রোতধারায় বিলীন হলো বঙ্গাব্দ ১৪২৫। শনিবার ছিল বিদায়ী বাংলা বছরের শেষদিন। নাচ-গানের নানা পরিবেশনায় প্রকাশিত হলো সম্প্রীতির বারতা।

সুরের ধারার ‘লোক সুরে বাংলা গান’: রাজধানীর চৈত্রসংক্রান্তির আকর্ষণীয় অনুষ্ঠান বসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। যৌথভাবে বর্ষ বিদায়ের এ অনুষ্ঠানের আয়োজন করে সঙ্গীত সংগঠন সুরের ধারা ও চ্যানেল আই। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা অবধি পরিবেশিত হয়েছে লোকজধারার নানা আঙ্গিকের গান। ‘লোক সুরে বাংলা বাংলা’ অনুষ্ঠানটির নেতৃত্ব দেন সুরেরধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। বিচিত্রধারার লোকগানে সাজানো ছিল এ আয়োজন। ছিল রবীন্দ্র, নজরুলসহ লোকজধারার পঞ্চকবির একগুচ্ছ গান।      

মনমাতানো লাঠিখেলা পরিবেশনা: শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বসেছিল চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। লাঠিখেলার মনমাতানো নানা কসরত প্রদর্শন করে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর  মোহাম্মদ লাঠিখেলা দল। লাঠিয়ালদের হাতের নৈপুণ্যে ঘূর্ণিপাকের মতো ঘুরতে থাকে লাঠি। প্রতিপক্ষকে আক্রমণের সঙ্গে উপস্থাপিত হয় আত্মরক্ষার নৈপুণ্যময় কৌশল। 

গ্রুপ থিয়েটার ফেডারেশানের চৈত্রসংক্রান্তি: বিগত বছরের ধারাবাহিকতায় এবারও চৈত্রসংক্রান্তি উদ্যাপন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির  এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলে মিলে অংশ নেন মঙ্গলপ্রদীপ প্রজ্বালনে। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। প্রদীপ প্রজ্বালন শেষে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় মুড়ি-মুড়কি বিতরণের মাধ্যমে। 

জাদুঘরে লোকগান ও কারুশিল্প মেলা: শনিবার লোকসঙ্গীত অনুষ্ঠান ও কারুশিল্প মেলার আয়োজন করে জাতীয় জাদুঘর। সঙ্গে ছিল পিঠাপুলির পরিবেশনের আনন্দঘন আয়োজন। জাদুঘরের সামনের চত্বরে অস্থায়ী মঞ্চে লোকসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে ভবনের দক্ষিণ  প্রাঙ্গণে কারুশিল্প মেলার সূচনা হয়।