বাসে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টার ঘটনায় চালক আটক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০০:৫৬

চবি সংবাদদাতা

চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার ঘটনায় বাসচালক বিপ্লব দেবনাথকে (২৫) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে আটক করা হয়। সেই বাসটিও জব্দ করা হয়েছে। তবে চালকের সহকারী এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম। বিপ্লব দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল শনিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটক চালককে ওই ছাত্রী শনাক্ত করলে এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

অর্থনীতি বিভাগের ওই ছাত্রীর বাসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানকে অনুরোধ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এর আগে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ৩ নম্বর বাসে নিউমার্কেট যাচ্ছিলেন। নিউমার্কেট যাওয়ার আগ মুহূর্তে সব যাত্রী নেমে যাওয়ায় ওই বাসে তিনি একা ছিলেন। তাকে একা পেয়ে হঠাত্ বাসটি রুট বদল করে স্টেশন রোডের দিকে মোড় নিয়ে গতি বাড়িয়ে দেয়। তিনি বাস থামাতে বললে চালকের সহকারী তার দিকে ছুটে আসে এবং ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ওই ছাত্রী তার হাতে থাকা মোবাইল দিয়ে চালকের সহকারীকে আঘাত করেন এবং চলন্ত বাস থেকে লাফ দেন। পরে ওই ছাত্রী শরীরে আঘাতের চিহ্ন নিয়ে এক রিকশাচালকের সাহায্যে বাসায় ফেরেন।