চট্টগ্রাম অফিস
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার সময়কাল ৬ ঘণ্টা থেকে ৯ ঘণ্টায় উন্নীত হয়েছে। যা আজ রবিবার থেকে কার্যকর হবে। গতকাল শনিবার সকালে ৯ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারকাল উদ্বোধন করতে গিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাই রয়েছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচারকাল প্রথমে ১২ ঘণ্টা এবং পরে ২৪ ঘণ্টায় উন্নীত করার। দেশের আরো ৬টি বিভাগীয় শহরে বিটিভি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচারকাল আগামী ডিসেম্বরে ১২ ঘণ্টায় এবং সর্বশেষ দফায় ২৪ ঘণ্টায় উন্নীত করা হবে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন ৪৪টি টেলিভিশনকে লাইসেন্স দেওয়া হয়েছে। ৩৩টি সম্প্রচারে আছে। আরো কয়েকটি খুব সহসা সম্প্রচারে আসবে। দেশের চলচ্চিত্রকে সমস্যা ও সংকট থেকে উদ্ধারে ৩৫০ কোটি টাকায় ঢাকার এফডিসিতে কমপ্লেক্স হতে যাচ্ছে। তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ।
