সর্বোচ্চ রান মুমিনুলের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯
গতকাল শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। দুই ম্যাচের চার ইনিংস ব্যাট করে ৩১৪ রান করেছেন তিনি, রান তোলার গড় ৭৮ দশমিক ৫০। সিরিজে কোন হাফসেঞ্চুরি না থাকলেও, দু’টি সেঞ্চুরি ছিল মুমিনুলের। সিরিজের প্রথম টেস্টেই দু’টি সেঞ্চুরি হাকান তিনি।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করেন মুমিনুল। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে ১০৫ রান করেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন মুমিনুল। এছাড়া ওই টেস্টে ২৮১ রান করেন আরও একটি রেকর্ডের মালিক হন তিনি। বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় হন মুমিনুল। তার আগে এই রেকর্ড দখলে ছিলো তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে ২৩১ রান করেছিলেন তামিম। 
 
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করলেও, ঢাকা টেস্টে ব্যর্থ হন মুমিনুল। ০ ও ৩৩ রান করেন তিনি। তারপরও দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মুমিনুল। এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের। দুই ম্যাচের তিন ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ২৭১ রান করেন তিনি। তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রানের মালিকও লঙ্কানরা। রোশেন ডি সিলভা ২৩৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ২২০ রান করেন। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচের চার ইনিংসে ১৩৪ রান করতে পারেন মাহমুদউল্লাহ। 
 
সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটসম্যান 
 
খেলোয়াড় ম্যাচ ইনিংস    রান    গড়    ১০০   ৫০
মুমিনুল হক (বাংলাদেশ) ২ ৪ ৩১৪ ৭৮.৫০ ২ ০
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ২ ৩ ২৭১     ৯০.৩৩ ১        ১
রোশেন ডি সিলভা (শ্রীলঙ্কা)      ২ ৩ ২৩৫ ১১৭.৫০ ১ ২
ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা) ২ ৩ ২২০ ৭৩.৩৩ ১ ০
মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ৪ ১৩৪ ৬৭.০০ ০ ১
 
ইত্তেফাক/কেআই