ম আনোয়ার আলদীন
শাবান মাসের চাঁদ দেখা এবং শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তির সুরাহা হয়নি। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটি এনিয়ে জরুরি বৈঠক করে কোনো সমাধানে আসতে না পেরে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে। তারা আগামী ১৭ এপ্রিল সিদ্ধান্ত জানাবেন। এর আগে গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত ঘোষণা করে যে, আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এই তারিখ যদি বহাল থাকে তবে স্বাভাবিকভাবে ঈদুল ফিতর হবে সৌদি আরবের দুই দিন পরে। কারণ জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে শাবান মাস শুরু হয়েছে ৮ এপ্রিল। আর সৌদি আরবে ৬ এপ্রিল শুরু হয় শাবান মাস। ফলে সৌদি আরবের সাথে বাংলাদেশের আরবী মাসের তারিখের ব্যবধান দুই দিন বেড়ে গেছে। আজ রবিবার সৌদি আরবে ৯ শাবান আর বাংলাদেশে ৭ শাবান।
ভৌগলিক কারণে সাধারণত সৌদি আরবে যে দিন ঈদ হয় তার পরদিন ঈদ হয় বাংলাদেশে। শাবান মাসের চাঁদ দেখা-না দেখার বিভ্রান্তির কারণে সামনে আরো জটিলতা দেখা দিতে পারে। যদি শাবান মাসের গণনা গত ৭ এপ্রিল থেকে ধরা না হয় তাহলে রমজান মাস নিয়েও বিতণ্ডা তৈরি হতে পারে। এক্ষেত্রে রোজা ২৮টি হওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চাঁদ দেখে রোজা এবং চাঁদ দেখে ঈদ করা হলো ইসলামের বিধান। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে রোজা শুরু হবে ৬ মে। আর ২৯টি রোজা শেষে ঈদুল ফিতর হবে ৪ জুন।
বাংলাদেশে শেষ পর্যন্ত কবে শবে বরাত হবে, কবেই বা রোজা শুরু হবে এবং কবে ঈদুল ফিতর হবে তা জানা যাবে ১৭ এপ্রিল। গত ৬ এপ্রিল সন্ধ্যাকাশে খাগড়াছড়ি ও মুন্সিগঞ্জ জেলায় যারা শাবানের চাঁদ দেখেছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে গতকাল চাঁদ দেখা কমিটি মাওলানা আবদুল মালেককে প্রধান করে ১০ সদস্যের একটি সাব কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটিতে আলেম-ওলামারা রয়েছেন। তারা ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দেবেন কবে হবে শবে বরাত।
গতকাল শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুলাহ জানান, মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল মালেককে প্রধান করে গঠিত ১০ সদস্যের এ কমিটি শরীয়তসম্মত সিদ্ধান্ত নিয়ে জানাবেন। পবিত্র শবে বরাত কবে হবে এটা সরকারি সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। শরিয়ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
