ম ইত্তেফাক রিপোর্ট
সাভারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা (পুলিশ ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলো— কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ তারা বানিয়ারচরা গ্রামের ইমদাদুল হকের ছেলে মাহমুদুল হক এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার ফুলঘড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার কক্সবাজার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ইয়াবা পাচার করা হবে। তার ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবুল বাশারকে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা পুলিশ মাদকের চালানটি আটকের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। একপর্যায়ে শুক্রবার বিকালে নাভানা এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি ইউনিভার্সাল এলপিজি কোম্পানির ট্রাকটির (ঢাকা মেট্রো-ড-১১-২১১১) অবস্থান নিশ্চিত করে সাভারের রেডিও কলোনি এলাকার সাহারা সিএনজি পাম্পের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ সময় ২১০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। গাড়ির ভিতরে থাকা ২৭ কেজি ওজনের দুটি সিলিন্ডার কেটে তার ভিতর থেকে ২৩টি প্লাস্টিকের হোস পাইপ উদ্ধার করা হয়। এসব পাইপের প্রতিটিতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ভরে মাথায় সুতা বাধা অবস্থায় স্কসটেপ দিয়ে আটকিয়ে তা গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো ছিল। এ ঘটনায় গাড়ির চালকসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অধিকতর তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
