কাপালির অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৭
অলক কাপালির অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ২৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। 
 
বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৪ রান করে ব্রাদার্স। চার নম্বরে ব্যাট হাতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক কাপালি। তার ৬৭ বলের ইনিংসে ৫টি করে চার ও ছক্কার মার ছিলো। এছাড়া ইয়াসির আলীর ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রান। নিজের ৬৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। প্রাইম ব্যাংকের দেলোয়ার হোসেন ও আরিফুল হক ২টি করে উইকেট নেন।
 
জবাবে জাকির হোসেন-ভারতের ক্রুনাল চান্দিলা ও নাহিদুল ইসলামের হাফসেঞ্চুরি সত্ত্বেও ২৭০ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। নাহিদুল সর্বোচ্চ ৮৮ রান করেন। জাকির হাসান ও চান্দিলা ৫০ রান করে আউট হন। ব্যাট হাতে ৭৯ রানের পর বল হাতে ৪৬ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা কাপালি। 
 
ইত্তেফাক/কেআই