বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন আজ ফল ঘোষণা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৫১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং নগরীর কাউনিয়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরীর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন কালে রবিবার ফল ঘোষণার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। তিনি ভর্তি পরীক্ষা কেন্দ্রের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে এবং এ কারণে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে দাবি করেন উপাচার্য। প্রসঙ্গত, ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবার অষ্টমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার ১০২ জন শিক্ষার্থী। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী ২০ জন। পূর্বের ২২টি বিভাগের সাথে চলতি শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ২টি ‘ইতিহাস’ এবং ‘পরিসংখ্যান’ বিভাগ।