বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ভুটান

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:০৯

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে এবং দেশটি এ বিষয়ে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এজন্য বাংলাদেশকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বাণিজ্য সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ-ভুটান সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।  লোটে শেরিংয়ের নেতৃত্বে ঢাকা সফররত দেশটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ফুব জাম বক্তব্য রাখেন।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। সম্ভাবনা থাকা সত্ত্বেও উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে না বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আপনাদের রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার (৩ হাজার কোটি) ছাড়িয়ে গেছে। কিন্তু ভুটানে আপনারা রপ্তানি করেন মাত্র ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলারের। এটি যথেষ্ট নয়। এ সময় বাণিজ্য বাড়াতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভুটানে ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের সম্ভাবনা থাকলেও মাত্র পাঁচ হাজার মেগাওয়াট এখন উত্পাদন করা হচ্ছে। দেশটির উত্পাদিত বিদ্যুত্ বাংলাদেশে সরবরাহের ক্ষেত্রে তার দেশের দিক থেকে কোনো আইনি জটিলতা নেই উল্লেখ করে তিনি বলেন, এটি করতে ভারতকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।