জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি ঘটে যাওয়া র্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেট সদস্যরা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও প্রগতিশীল জোটের ব্যানারে আলাদাভাবে এ কর্মসূচী পালন করা হয়।
শিক্ষকদের অবস্থান কর্মসূচীতে র্যাগিংয়ের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দিয়ে কর্মসূচীর নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে র্যাগিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। যার কারণে বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত ক্যাম্পাস। তাই সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাকসু নির্বাচন এবং বিরাজমান অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।
অবস্থান কর্মসূচিতে অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক হোসনে আরা, সহযোগী অধ্যাপক ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে র্যাগিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মিছিল শেষে র্যাগিং বন্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় করে তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হয়ে একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর মানসিক ভারসাম্য হারানোর ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. মিজানুর রাহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মিজানুরের সহপাঠীরা জানায়, শুক্রবার দুপুরে বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা তাদের (৪৭তম আবর্তন) সাথে পরিচিত হওয়ার নামে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
ইত্তেফাক/এসএস
