আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে :মওদুদ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:১১

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিগত কয়েক বছর দেশ ক্রান্তিকাল পার করছে। এই ক্রান্তিকাল অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি একটি কঠিন কাজ হবে, আমাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের মাইজদীস্থ বাসভবনে নোয়াখালী জেলা যুবদলের পরিচিতি ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ায় আমরা অনেক চেষ্টা করেছি, দেশের শ্রেষ্ঠ আইনজীবীরাও চেষ্টা করেছেন; কিন্তু আইনি প্রক্রিয়ায় আমরা তাকে মুক্ত করতে পারিনি। একমাত্র আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও  জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান প্রমুখ।