ভাষার বইয়ের প্রতি আগ্রহ পাঠকের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৯

অমর একুশের গ্রন্থমেলায় ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষাসৈনিক ও বাংলাভাষা বিষয়ক দুই শতাধিক বই এসেছে। এ সব বইয়ের বিক্রি প্রচুর। গবেষণামূলক এসব বইয়ের মধ্যে সর্বস্তরে বাংলাভাষা ব্যবহার, বাংলা উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখার বিষয়েও অসংখ্য বই রয়েছে। এসেছে অসংখ্য বাংলা অভিধান ও বানান অভিধান।

বাংলা ভাষা বিষয়ে বই সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, এখনও ভাষা আন্দোলনের ইতিহাস প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জেলার ইতিহাস বই আকারে মেলায় আসছে। এটা বাংলা ভাষার সংগ্রামের ইতিহাস ও ভাষার উন্নয়নের জন্য আশার বিষয়। একাডেমি থেকেও জেলা পর্যায়ে ভাষা আন্দোলনের ইতিহাস প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। কবি আসাদ চৌধুরী বলেন, ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে। ভাষা সৈনিকরা এখনও অনেকে জীবিত আছেন। তাদের কাছ থেকে প্রকৃত ইতিহাস জেনে সংগ্রহ করে বই প্রকাশ অব্যাহত রাখা দরকার।

বাংলা একাডেমির স্টলে বিক্রি হচ্ছে ভাষা আন্দোলন ও ভাষা বিষয়ক মেলার সর্বাধিক বই। বাংলাভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়ে এ স্টলে ৫১টি বই বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে, তৃপ্তি ব্রহ্ম সম্পাদিত ‘অমর একুশে’, মনসুর মূসা সম্পাদিত ‘বাংলাদেশের রাষ্ট্রভাষা, বাংলা পরিভাষা ইতিহাস ও সমস্যা’, আহমদ রফিকের ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা’, রফিকুল ইসলামের ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’, আনিসুজ্জামানের ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’, সৌরভ শিকদারের ‘বাংলাদেশের আদিবাসী ভাষা’। এ ছাড়া বাংলা একাডেমির স্টলে ভাষার ওপর রয়েছে ১১টি পরিভাষা ও কোষগ্রন্থ, ১১টি বাংলা অভিধান, একুশের প্রবন্ধগ্রন্থ ২১টি। মাওলা ব্রাদার্স’এর স্টলে এসেছে ১৪টি ভাষা বিষয়ক বই। এর মধ্যে রয়েছে আবদুস শাকুরের ‘ভাষা ও সাহিত্য’, মহাম্মদ দানিউল হকের ‘বাংলা ভাষা সাহিত্যে উল্লেখ’, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’, বাংলা ভাষার ব্যাকরণ, ড. আনিসুজ্জামানের পুরনো বাংলা গদ্য। চারুলিপির স্টলে ৬টি ভাষা বিষয়ক বইয়ের মধ্যে রয়েছে হায়াত্ মামুদের ‘বাঙালির বাংলা ভাষা ইদানিং, শব্দকল্পদ্রুম, প্রাণতোষ ঘটকের ‘রত্নমালা। জাতীয় সাহিত্য প্রকাশ এনেছে রফিউর রাব্বির লেখা ‘ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জ’, আগামীর স্টলে ৩টি, উত্স এনেছে ৫টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টলে ৭টি ভাষার বই, অন্য প্রকাশ ২টি, শ্রাবন ৬টি, মুক্তধারায় ৬টি, সাহিত্য প্রকাশে ২টিসহ মেলায় দুই শতাধিক বাংলা ভাষা বিষয়ে বই এসেছে।

আনিসুল হকের ‘মা’

বইয়ের ৭৫তম সংস্করণ

মুক্তিযোদ্ধা আজাদ ও তার মাকে নিয়ে লেখা কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘মা’ গ্রন্থের ৭৫তম সংস্করণ বের হয়েছে গতকাল। বইমেলায় সময় প্রকাশনীর স্টলে এর মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক আনিসুল হক ও বইটির প্রকাশক ফরিদ আহমেদ।

রকিব হাসানের তিন

কিশোর গোয়েন্দার ১২ গল্প

শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় সিরিজ কিশোর মুসা রবিনের তিন গোয়েন্দার নতুন সিরিজ এসেছে অবসর প্রকাশনীতে। ‘তিন কিশোর গোয়েন্দা’ নামে এ সিরিজের ১২টিই নতুন গল্প। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে নাট্যনির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচের বই ‘শহরের বারে একদল মাতাল’ ও অভিনেত্রী আশ্না হাবিব ভাবনা’র ‘গুলনেহার’।

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যমতে, গতকাল ১২তম দিনে মেলায় নতুন বই এসেছে ১২৬টি। গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো : বিজয় প্রকাশ এনেছে তারিক সজিবের ‘কোথায় পাব মনের মানুষ’, আহমেদ পাবলিশিং হাউস এনেছে  আবদুল হাই সিকদারের ‘বাংলা সাহিত্য কোলাহলের বাইরে’, সময় এনেছে ড. এস এম ওয়াহিদুজ্জামানের ‘শিরোনামহীন’, বটেশ্বর বর্নন এনেছে বদরুজ্জামানের ‘গল্প একাত্তর’, অনিন্দ্য প্রকাশ এনেছে মুজাফফর হোসেনের ‘প্রশ্নের বিপরীতে’, অ্যাডর্ণ এনেছে জুনান নাশিতের ‘দুই বাংলার কথা ও কাব্য’ মেরিট ফেয়ার এনেছে মাইদুর রহমান রুবেলের ‘কন্যারাশি’ ইত্যাদি।

ইত্তেফাক/নূহু