যত বাধা আসবে তত উদ্যমে নববর্ষ পালন হবে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৩

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কোনো অপচেষ্টা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ পালন বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যত বাধা আসবে তত উদ্যমে নববর্ষ পালন হবে।’

আজ রবিবার বাংলা নববর্ষের দিন ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত নববর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগের পুরনো শিশুপার্কের নারিকেল বিথি চত্বরে ঋষিজ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষবরণের এ অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের মানুষ বাংলা নববর্ষের আনন্দে মেতেছে। নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নববর্ষের অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালালেও কোনো বাধাই বাঙালি জাতিকে নববর্ষের অনুষ্ঠান পালনে বাধা হতে পারেনি। যত বাধা আসবে তত উদ্যমে বাঙালি জাতি অনুষ্ঠান পালন করে য‌াবে।’

তিনি বলেন, ‘আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবহিকতায় বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়।’ চিরায়ত বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে সারাদেশে সাংস্কৃতিক বলয় তৈরি করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

খালিদ মাহমুদ আরও বলেন, ‘বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে অতীতে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা অতিক্রম করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

আরও পড়ুন:  হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝৃষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও নির্মাতা আনোয়ার হোসেন এবং প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের নামের উৎসবটি উৎসর্গ করা হয়। সংবর্ধিত শিল্পী ইকবাল খোরশেদ ও ঝর্ণা সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী।

ইত্তেফাক/জেডএইচডি